পদোন্নতি জটিলতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি, ক্লাস-পরীক্ষা বন্ধ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৮:৪২
পদোন্নতিসংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকেরা। এতে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন শিক্ষকের পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে থাকায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। তাদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন আরও ১০২ জন শিক্ষক।
শিক্ষকেরা জানিয়েছেন, আজকের কর্মসূচির পরও যদি প্রশাসন কার্যকর উদ্যোগ না নেয়, তবে বুধবার থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউন শুরু করা হবে।
সরেজমিনে দেখা গেছে, কর্মবিরতির কারণে পুরো একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারছেন না, ফলে ভোগান্তি বাড়ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয় আইনের ৩৫ ও ৩৭ ধারায় গুরুত্বপূর্ণ বিধান থাকলেও এখনো অনুমোদিত সংবিধি ও বিধিমালা বাস্তবায়িত হয়নি। ফলে শুধু পদোন্নতি নয়, ভর্তি ও পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রমের আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
পদোন্নতির অপেক্ষায় থাকা শিক্ষকদের মধ্যে রয়েছেন ২৪ জন সহযোগী অধ্যাপক, ৩০ জন সহকারী অধ্যাপক এবং ৬ জন প্রভাষক। তাদের অভিযোগ, গত বছরের অক্টোবরে পদোন্নতি বোর্ড গঠন করা হলেও এখনো তা সিন্ডিকেটে অনুমোদনের জন্য তোলা হয়নি।
এদিকে শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান চেয়ে বলেছেন, একাডেমিক কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকলে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. তৌফিক আলম জানিয়েছেন, শিক্ষকেরা ২০১৫ সালের আইনের অধীনে পদোন্নতি চাইছেন, তবে এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আপত্তি রয়েছে। তিনি বলেন, দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় অভিন্ন নীতিমালা অনুসরণ করছে এবং আলোচনার মাধ্যমে নতুন সংবিধি প্রণয়ন করলে দ্রুত সমস্যার সমাধান সম্ভব।
উল্লেখ্য, একই দাবিতে গত রোববার উপাচার্যের কার্যালয়ের সামনে অনশন শুরু করেন মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন। প্রায় ২৩ ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।