গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৯:৫৫
গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সংবাদমাধ্যমের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সংগঠনের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন পত্রিকার মালিক ও প্রকাশকরা বৈঠকে অংশ নেন। এ সময় তারা সংবাদপত্র শিল্পের বর্তমান নানা সংকট তুলে ধরেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সরকার যদি উদার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখে, তবে তাদের সমর্থনও থাকবে।
বৈঠক শেষে মতিউর রহমান চৌধুরী জানান, সংবাদপত্র শিল্প বর্তমানে অর্থনৈতিক চাপসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি। প্রধানমন্ত্রী বিষয়গুলো গুরুত্ব দিয়ে শুনেছেন এবং বেশ কিছু দাবির বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন।
তিনি আরও জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ বিনা কারণে কারাবন্দি আছেন কি না বা হয়রানির শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।
বৈঠকে নিয়মিত সংলাপ চালু রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী প্রতি তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।