ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ মে) ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে স্বল্প সময়ের জন্য মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে দ্রুত একটি মাইক্রোবাসে উঠে তারা স্থান ত্যাগ করে।
ঘটনার সময় কাছাকাছি থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের এফ রহমান হলের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেল। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, রাজু ভাস্কর্য এলাকায় ঝটিকা মিছিল চলাকালে দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।