খুলনা-৫ আসনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার আলি আসগার লবির
এস কে বাপ্পি, খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫১
খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলি আসগার লবি বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই দেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে। তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ফ্যাসিবাদী শাসন কায়েম করে জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বলেন, “আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এটি হবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন—যা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এর আগে একই দিন দুপুরে ডুমুরিয়া উপজেলার মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ডুমুরিয়া প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলি আসগার লবি।
জনসভায় বক্তব্যে তিনি নির্বাচিত হলে ডুমুরিয়া ও ফুলতলাকে দুর্নীতি, সন্ত্রাস, ভূমিদস্যু ও মাদকমুক্ত করে একটি শান্তিপূর্ণ জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি দেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ আদায় করে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখবেন।”
নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই উল্লেখ করে আলি আসগার লবি বলেন, “আমাকে একবার সুযোগ দিলে আমি প্রমাণ করব কীভাবে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন করা যায়। সংসদে গিয়ে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে ডুমুরিয়া–ফুলতলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।”
তিনি আরও বলেন, এ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানই হবে তার প্রথম অগ্রাধিকার। “ইতোমধ্যে আমরা জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু করেছি। এমপি নির্বাচিত হলে এটি সম্পূর্ণভাবে সমাধান করা হবে,”—যোগ করেন তিনি।
জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, বিএনপি নেতা মোল্লা মোশাররফ হোসেন মফিজ, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।