রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

সিলেট অঞ্চলে রেকর্ড ৩.০ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫২

সংগৃহীত

বাংলাদেশে রোববার ভোরে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ২ মিনিট ৩২ সেকেন্ডে সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে ৩.০ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়েছে।

এনসিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পটি হালকা হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও সৃষ্টি হয়নি।

ভূমিকম্প সংক্রান্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাংলাদেশ ভারতীয়, ইউরেশীয় ও বার্মা প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ভারতীয় প্লেট প্রতি বছর প্রায় ৬ সেন্টিমিটার, আর ইউরেশীয় প্লেট প্রায় ২ সেন্টিমিটার গতিতে অগ্রসর হচ্ছে। এই ভূতাত্ত্বিক অবস্থানের কারণে দেশটি ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলে রয়েছে।

দেশটির বিভিন্ন ফল্ট রেখার মধ্যে বগুড়া ফল্ট, ত্রিপুরা ফল্ট, শিলং-মালভূমি ফল্ট, ডাউকি ফল্ট ও আসাম ফল্ট উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা দেশকে মোট ১৩টি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ভাগ করেছেন, যার মধ্যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের জৈন্তাপুর অঞ্চল সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কোনো ক্ষয়ক্ষতি বা মানবহানি হয়নি, এবং জনগণ স্বাভাবিক জীবনযাত্রা চালাচ্ছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top