মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

আসন্ন নির্বাচনে মির্জা ফখরুলের আবেগঘন আবেদন, ভাইরাল ফেসবুক পোস্টে তোলপাড়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪

ছবি: সংগৃহীত
 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–১ আসনের ভোটারদের উদ্দেশে এক আবেগঘন আবেদন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবারের নির্বাচনকেই নিজের ‘শেষ নির্বাচন’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আকুতি জানান মির্জা ফখরুল। পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পোস্টে তিনি লিখেছেন, “জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এটাই আমার শেষ নির্বাচন। একজন চেনা লোক হিসেবে, আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো আমাকে সুযোগ দিন, যাতে আপনাদের অসমাপ্ত স্বপ্নগুলো আমি সত্যি করে যেতে পারি।”

তার এই বার্তার পর ঠাকুরগাঁওসহ সারাদেশের রাজনৈতিক মহলে নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপির নেতাকর্মী ও দীর্ঘদিনের সহযোদ্ধারা এটিকে একজন অভিজ্ঞ রাজনীতিবিদের শেষ ইচ্ছা ও আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

নিজেকে “আপনাদের সেবক” হিসেবে উল্লেখ করে ভোটারদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। ধানের শীষ প্রতীকের এই প্রার্থীর এমন আবেগঘন আহ্বান নির্বাচনি লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন এবং ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে একজন প্রভাবশালী ও পরিচিত মুখ হিসেবে বিবেচিত হয়ে আসছেন। তার এই ঘোষণার পর নির্বাচনি মাঠের সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সবার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top