বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ২০:৫৩
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আলোচনাকালে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকে বিশেষভাবে উৎসাহ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠান সচল রাখা, নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে। প্রায় সাত বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদসমৃদ্ধ শিল্পখাতকে কার্যকর করা এবং বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে উৎপাদনমুখী করা সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।
এ সময় বাংলাদেশে সৌর বিদ্যুৎ খাতে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ৫ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, সবুজ জ্বালানি, উদ্ভাবন ও প্রযুক্তি সহযোগিতার সুযোগ খতিয়ে দেখতে অস্ট্রেলিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কাজ করছে।
এছাড়া বর্তমানে প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত রয়েছে বলেও তিনি জানান, যা দেশটিকে বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করেছে।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, শিক্ষা ও বৃত্তির ক্ষেত্র সম্প্রসারণ, বাণিজ্য আলোচনা জোরদার, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।