চট্টগ্রাম-৪ ও চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থীদের ভোটে অংশগ্রহণে বাধা নেই
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৫
চট্টগ্রাম-৪ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার কোনো বাধা নেই।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। বিষয়টি আইনজীবী মো. মজিবুর রহমান নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংকের করা আবেদনের ওপর আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে ১ ফেব্রুয়ারি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) আপিল আবেদনের শুনানি হয়েছিল।
অপরদিকে, চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে হাইকোর্ট তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়। সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে আপিল করা হয়েছিল। জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগ দায়ের করেছিলেন। শুনানি শেষে প্রার্থিতা বাতিল হওয়ায় সারোয়ার আলমগীর উচ্চ আদালতে আবেদন করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, শুরুতে সীতাকুণ্ড আসনে বিএনপি মনোনয়ন পাননি আসলাম চৌধুরী। পরে জনমত বিবেচনায় তাকে মনোনয়ন দেওয়া হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।