মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক–রেলপথ বন্ধ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০১

সংগৃহীত

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা টানা দ্বিতীয় দিনের মতো গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। এতে শিমুলতলী আঞ্চলিক সড়ক ও গাজীপুর–রাজশাহী রেলপথে যানবাহন এবং ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা শিমুলতলী এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে যাত্রী ও পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের দুটি ট্রেনও যাত্রা বিরতি করে দাঁড়িয়ে রয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত ৩৩ শতাংশ কোটা ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্যমূলক। তারা শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তিকে ‘লোক দেখানো’ বলে আখ্যায়িত করেছেন। শিক্ষার্থীরা দাবি করেন, বিতর্কিত কমিটি ও সার্কুলার বাতিল না হলে আন্দোলন আরও তীব্র হবে।

প্রধান দাবিগুলো:

  • দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত করা।
  • বিতর্কিত সার্কুলার ও কমিটি বাতিল।
  • এ সংক্রান্ত রিট দ্রুত নিষ্পত্তি।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

অবরোধের কারণে বিকল্প সড়কে যান চলাচলের চাপ বেড়ে যাওয়ায় গাজীপুরের বিভিন্ন এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top