মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

দলীয় সিদ্ধান্ত অমান্য, বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১৯

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে ১১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হয়েছে দলটির উপজেলা পর্যায়ের উদ্যোগে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঞা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকায় সংশ্লিষ্ট নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বলাইশিমুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনিছুল হক, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, সদস্য মোহাম্মদ আলী, আব্দুল মালেক, আবু তাহের, গিয়াস উদ্দিন, মো. শাহজাহান, মোশাররফ হোসেন ও সম্রাট। এছাড়া রোয়াইলবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া এবং নওপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা হাবিবুল্লাহকেও বহিষ্কারের আওতায় আনা হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান মজনু বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং নির্বাচনী সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top