বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬

ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। আহত আন্দোলনকারীদের সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের আন্দোলনের ধরন ছিল এক রকম, আর তরুণদের আন্দোলন ছিল অত্যন্ত সাহসী ও দৃঢ়। এই সম্মিলিত শক্তির ফলেই স্বৈরাচারী সরকারের পতন সম্ভব হয়েছে।” এ সময় তিনি আন্দোলনের বীর সন্তানদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফ্যাসিস্ট সরকারের আমলের অপরাধীদের বিচার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “যারা ফ্যাসিস্ট কায়দায় অপরাধ করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।” পাশাপাশি জুলাই যোদ্ধাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরেই জেলা হিসেবে ঠাকুরগাঁও অবহেলিত। বিএনপি ক্ষমতায় এলে এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, ব্যক্তিগত উদ্যোগে ফার্ম প্রতিষ্ঠায় সহায়তা, কারিগরি শিক্ষার প্রসার এবং আইটি খাতে দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। এতে তরুণরা ঘরে বসেই আয়ের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দেন বিএনপি মহাসচিব এবং জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মী, জুলাই আন্দোলনের যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top