শুধু এক দিন আমার হাঁসটাকে পাহারা দেন, আমি ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৮
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, "আপনারা শুধু এক দিন আমার হাঁসটাকে পাহারা দিন, আমি পাঁচ বছর আপনাদের পাহারা দেব।" নির্বাচিত হলে ভোট গণনা পর্যন্ত কেন্দ্র পাহারার দাবি জানান তিনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্বপাড়ায় এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি বলেন, "যদি যোগ্য অভিভাবক এলাকার অভিভাবকত্ব না নেন, তাহলে এলাকার উন্নয়ন সম্ভব নয়।" তাই, তার মতে, এলাকার জনগণের কাছে এই বার্তা থাকবে—শুধু যোগ্য, শিক্ষিত, সৎ, অভিজ্ঞ এবং সাহসী প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করা উচিত।
এছাড়া, তিনি বলেন, "এবারের জরিপে দেখা যাচ্ছে ৩০ শতাংশ মানুষ প্রার্থী খুঁজে দেখবে—তারা মার্কার ওপর নির্ভর করবে না।" এর মানে হল, প্রার্থী যদি যোগ্য না হয়, তাহলে নির্বাচনে জয়লাভ করা কঠিন। এবারের নির্বাচন যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন, সঠিক প্রার্থী বাছাইয়ের নির্বাচন হতে চলেছে।
রুমিন ফারহানা তার প্রতীক হাঁস মার্কাকে নিয়ে জনসভায় স্লোগান দেন এবং এলাকার বিভিন্ন উন্নয়ন দাবির প্রতি সমর্থন জানান। তিনি বলেন, "নির্বাচিত হলে মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করব, পানিশ্বরের রাস্তাঘাট উন্নয়ন করব, এবং খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করব।"
তিনি আরও বলেন, "পানিশ্বরের অনেক প্রবাসী ভাই বিদেশে কাজ করেন এবং তাদের পাঠানো টাকায় দেশ চালু থাকে। কিন্তু সংসদে তাদের কষ্টের কথা বলার কেউ নেই। যদি আল্লাহ আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, তবে তাদের সমস্যাগুলো সংসদে তুলে ধরব এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করব।"
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।