শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

২০ বছর পর দিনাজপুরে তারেক রহমান, বিরামপুরে জনসভা আজ

দিনাজপুর প্রতিনিধি | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২

২০ বছর পর দিনাজপুরে তারেক রহমান, বিরামপুরে জনসভা আজ। ছবি: সংগৃহীত

প্রায় ২০ বছর পর আজ শনিবার দিনাজপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, তিনি দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিরামপুর উপজেলাসহ দিনাজপুর-৬ আসনজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন সাজসজ্জা ও প্রস্তুতি কার্যক্রমে।

ইতোমধ্যে বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভাস্থলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমনে তারা অত্যন্ত উজ্জীবিত। তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

জেলা বিএনপির একটি সূত্র জানায়, এ নির্বাচনী সভায় তিন জেলার মোট ১৩টি আসনের প্রার্থীরা অংশ নেবেন। এর মধ্যে ঠাকুরগাঁও জেলার ৩টি, নীলফামারী জেলার ৪টি এবং দিনাজপুর জেলার ৬টি আসনের ধানের শীষ ও বিএনপি জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালের ৪ সেপ্টেম্বর দিনাজপুরের খানসামায় জিয়া সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এবার আবারও দিনাজপুরে তার আগমন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top