শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

চোরাই মোটরসাইকেল চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি মোটরসাইকেল

জুবাইর আহমেদ খান রোহান | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৮

চোরাই মোটরসাইকেল চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি মোটরসাইকেল।  ছবি: সংগৃহীত

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ ও ৭ ফেব্রুয়ারি জেলার বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার হন মো. তুহিন ইসলাম (৩০), মো. সাদেকুল ইসলাম শাওন (৩৬), মো. শিমুল মিয়া (২৮) ও মো. হাবিবুর রহমান (২৭)।

প্রথমে হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্পের চেকপোস্ট এলাকা থেকে তুহিন ইসলাম ও সাদেকুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের ইশ্বোরকোল এলাকা থেকে শিমুল মিয়াকে আটক করা হয়। তার বসতবাড়ি তল্লাশি করে একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এদিকে একই থানার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রাম থেকে চক্রের আরেক সদস্য হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি থেকে একটি নাম্বার প্লেটবিহীন হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top