আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে আকস্মিকভাবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকা এই প্রার্থী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদকে সমর্থন জানান।
সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, দলের প্রধান নুরুল হক নুরের নেওয়া সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আব্দুন নুর তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন বলে জানান। সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মানুষ পরিবর্তনের যে ডাক দিয়েছে, সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিজের জীবনের নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। অভিযোগ করে আব্দুন নুর বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় কেন্দ্র দখলকারী এক প্রভাবশালী ব্যক্তি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছে। এমনকি তাঁর বসতবাড়ির কেন্দ্র দখলের প্রকাশ্য হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনো সময় লক্ষ্যভেদী হামলা বা ‘টার্গেট কিলিং’-এর শিকার হতে পারেন। তবুও জীবনের পরোয়া না করে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে আজীবন থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।