শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব: বোন মাসুমা

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০৬

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, “ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির জন্মভূমিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে মাসুমা হাদি ওসমান হাদির আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সাক্ষাতের একাধিক চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তিনি বলেন, “দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ ন্যাক্কারজনক হামলা চালায়।” এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের সহায়তা কামনা করেন।

মাসুমা হাদি আরও বলেন, নির্বাচনের আগে প্রশাসনের এমন আচরণ সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। তার মতে, এ ধরনের পরিস্থিতিতে একই প্রশাসনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব—সে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবি এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন। এ সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top