শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

রংপুরে নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে: নির্বাচন কমিশনার

আবু তালেব | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২১:০৮

আবু তালেব

রংপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো এবং নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত সহায়ক পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রংপুর সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, সম্প্রতি দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, নিহত প্রার্থী হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

ইনকিলাব মঞ্চের সাম্প্রতিক ঘটনাবলী প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশন কোনো ধরনের চাপের মুখে নেই। নির্বাচনকে বাধাগ্রস্ত করে—এমন যেকোনো আন্দোলনের বিরোধী কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল পক্ষকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে নির্বাচন কমিশনার স্পষ্টভাবে বলেন, কোনো ধরনের নির্বাচন প্রকৌশল হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না। জাতিকে একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে দায়িত্বশীল মনোভাব লক্ষ্য করা গেছে, যা একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহায়ক হবে।

দলীয় প্রধানদের কটাক্ষমূলক বক্তব্য নিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় দেশে ভোটের লড়াই চলে। এ সময় রাজনৈতিক দলগুলোর বক্তব্য তাদের নিজস্ব রাজনৈতিক কৌশলের অংশ। তবে সব পক্ষকে শান্ত থেকে নির্বাচনের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

এ মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ডিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচন অনুসন্ধান কমিটি এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top