রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০টি কক্ষ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার ১০টি কক্ষসহ আসবাবপত্র ও বইপত্র পুড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা এলাকায় অবস্থিত ‘মাদ্রাসায়ে নুরে মদীনা’-তে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, মাদ্রাসার নূরানী বিভাগের একটি বন্ধ কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা দ্রুত বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ জানান, অগ্নিকাণ্ডে লাইব্রেরি, কিতাব, আসবাবপত্র ও ফ্যানসহ মোট ১০টি কক্ষ পুড়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে আগুনের সঠিক কারণ জানা যাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top