রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ভালুকায় গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

সাখাওয়াত হোসেন সুমন | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬

গ্রাফিক্স | নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকায় রাহিমা (৩৫) নামে ওই গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাহিমা ওই এলাকার বিল্লালের স্ত্রী। বিল্লাল পেশায় লেপ-তোষকের ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হত্যার দিন সন্ধ্যায় রাহিমা বাজার করে বাড়িতে ফেরেন। রাত ৮টার দিকে তিনি ছেলে রাহাত (৭) ও মেয়ে সুমাইয়া (১৫) কে খাবার খাইয়ে শুইয়ে দেন। স্বামী রাত দেরিতে বাড়ি ফেরায় তিনি দরজা খোলা রেখে শুয়ে পড়েন।

রাত প্রায় ১০টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ সরানোর চেষ্টা করা হয়েছিল। এই সময় বারান্দায় রাখা সেলাই মেশিনে ধাক্কা লেগে শব্দ হলে, মেয়ের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। পরে নিহতের স্বামীকে বিষয়টি জানানো হয়।

ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার মনুতোষ বিশ্বাস ও থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

এনএফ৭১/মিঠু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top