জান্নাতের টিকেট দেখিয়ে ভোট নিতে চায় জামায়াত, এটা লজ্জার ব্যপার: পার্থ
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৫
ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জামায়াত জান্নাতের টিকেট দেখিয়ে মানুষের ভোট চাওয়া লজ্জার, দুঃখের এবং ধিক্কারের বিষয়। তার মন্তব্য, “জামায়াত উন্নয়নে বিশ্বাস করে না, তারা মানুষের আবেগ নিয়ে খেলছে।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার বালুর মাঠে নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন পার্থ।
আন্দালিব পার্থ আরও বলেন, “হিন্দু ভাই-বোনেরা বাড়িতে নিরাপদে ঘুমাতে পারবে না এমন কাউকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বাংলাদেশের হিন্দু-মুসলমান একই আকাশের নিচে থাকবে, কিন্তু কিছু গোষ্ঠি এ বিশ্বাস করে না।”
তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে বলেন, “আপনার ভোটে যদি আমি সংসদে নির্বাচিত হই, তাহলে ভোলার ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়ন কাজ করব।”
সমাবেশে উপস্থিত ছিলেন ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অলিউল্ল্যাহ মাস্টার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, হুমায়ুন কবির সোপান, সদস্য সচিব রাইসুল আলম, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনসহ বিএনপি ও বিজেপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।