সন্তানের মৃত্যুতেও ছুটি না পেয়ে পুলিশের হৃদয়বিদারক স্ট্যাটাসে নেটদুনিয়ায় শোকের ঝড়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৯
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ছুটি না পাওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্য মেহেদি হাসান। ছেলের মৃত্যুর মতো চরম ব্যক্তিগত বিপর্যয়ের মধ্যেও দায়িত্ব পালনের অজুহাতে ছুটি না দেওয়ার অভিযোগ তুলে তার দেওয়া স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মেহেদি হাসান লেখেন, “ছুটি চাইছিলাম পাইলাম না, আমার ছেলেটা মারা গেল! ধন্যবাদ বাংলাদেশ পুলিশ। আমি না থাকলে নির্বাচন আটকে যেতো! কী জবাব দিবো বউকে?”
এর প্রায় এক ঘণ্টা পর আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার বউটা এখনো জানে না যে তার কলিজার টুকরাটা আর পৃথিবীতে নেই! ডাক্তার বলতে বারণ করেছে! বাবুর জন্য কেনা জিনিসগুলো কী করবো বলতে পারেন? আমার আবার কালকে নাইট ডিউটি আছে। আমার ছেলের লাশটা এম্বুলেন্সে করে কেউ আমার কাছে পৌঁছে দিতে পারবেন?”
স্ট্যাটাসে নিজের আর্থিক ও পারিবারিক বাস্তবতার কথাও তুলে ধরেন তিনি। মেহেদি হাসান লেখেন, “গরীব মানুষের সন্তান আমি, চাকরিটা খুব দরকার। আমি বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য, সন্তান মারা গেলেও ছুটি যাই না আমি।”
তিনি আরও উল্লেখ করেন, তিনি অনার্সে গোল্ড মেডেলপ্রাপ্ত, অনার্সে সিজিপিএ ৩.৭২ এবং মাস্টার্সে ৩.৯০ অর্জন করেছেন। প্রশাসনিক কাজে তার ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে বলেও জানান। চাকরি পরিবর্তনের আকুতি জানিয়ে তিনি লেখেন, “কারো সন্ধানে কি একটা চাকরি হবে? এই বউ-বাচ্চা নিয়ে পেটে ভাতে চলা যাবে এই রকম সেলারি হলেই হবে। এখানে নিঃশ্বাস নেওয়াটা কষ্টকর হয়ে গেছে।”
সবশেষ সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া আরেকটি স্ট্যাটাসে সন্তান হারানোর শোক প্রকাশ করেন তিনি। সেখানে লেখেন, “আমার রাজপুত্র চিরনিদ্রায়। আমার কুলে উঠলো না।”
স্ট্যাটাস স্থির করে রাখার কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, “দুই রাজকন্যার পর এক রাজপুত্র দিয়ে আল্লাহ তায়ালা আমাকে পূর্ণতা দান করলেন, কিন্তু সেই স্ট্যাটাস দেওয়ার তওফিক আর হলো না। ছবিটা দেখে বলেন তো আমার রাজপুত্র হইছিলো নাহ? আজ রাত এত দীর্ঘ কেন! আর যে পারছি না আমি।”
উল্লেখ্য, মেহেদি হাসান ২০১৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্তমানে তিনি পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে কর্মরত রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মানবিক দৃষ্টিকোণ থেকে পুলিশের ছুটি নীতিমালা ও দায়িত্ব ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।