চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
জোবায়ের হোসেন | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:০৯
আদালতের নির্দেশ অমান্য করে কর্ণফুলী নদীর জায়গা লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট জমি সংক্রান্ত সব ধরনের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, কর্ণফুলী নদী রক্ষায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) দায়ের করা একটি জনস্বার্থ মামলায় হাইকোর্ট পূর্বে একাধিক নির্দেশনা দিয়েছিলেন। ওই নির্দেশনায় জরিপ অনুযায়ী কর্ণফুলী নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ ছিল।
তবে অভিযোগ রয়েছে, হাইকোর্টের সেই নির্দেশনা উপেক্ষা করে জরিপে নদী হিসেবে চিহ্নিত কর্ণফুলী নদীর একটি অংশ চট্টগ্রাম সিটি করপোরেশনকে লিজ দেওয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
এ প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, মেম্বার শহিদুল আলম, কমোডর কাউসার রশিদ এবং সম্পত্তি বিভাগের সহকারী ম্যানেজার মোহাম্মদ রায়হান উদ্দিনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
পৃথক এক আদেশে আদালত ফিরিঙ্গি বাজার মৌজার বিআরএস দাগ নম্বর ৬০১–এর ওই জমি সংক্রান্ত পরবর্তী সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।