নাটোরের গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে মা ও শিশুকন্যার মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩২
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও তার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত আতিয়া খাতুন (৩০) ও তার শিশু কন্যা রওজা খাতুন ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ আগুন লাগলে তারা ঘরের ভেতর আটকা পড়ে যান এবং দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ও পাশের একটি মুদিদোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া আগুনে ১২টি ছাগল মারা গেছে। স্থানীয়দের ধারণা, এ ঘটনায় আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।