ভোটের মাঠ নিরাপদ রাখতে লালমনিরহাটে সেনাবাহিনীর মহড়া
জুবাইর আহমেদ খান রোহান | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১২
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে ব্যাপক মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ মহড়ার মাধ্যমে ভোটের মাঠে নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতা প্রতিরোধ ও সাধারণ জনগণের মধ্যে আস্থা তৈরি করা প্রধান লক্ষ্য।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত মহড়াটি পরিদর্শন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
মহড়ায় ৬৬ পদাতিক ডিভিশনের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে। এটি নির্বাচনকালীন সহিংসতা মোকাবিলা, দাঙ্গা নিয়ন্ত্রণ, সন্দেহভাজন পরিস্থিতি সামাল দেওয়া, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, দ্রুত প্রতিক্রিয়া এবং সমন্বিত অভিযান কৌশল প্রদর্শন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে সম্পন্ন হয়। আধুনিক সরঞ্জাম ব্যবহার করে বাস্তব পরিস্থিতির মতো মহড়া পরিচালিত হয়।
সেনাবাহিনী বলেছে, নির্বাচনকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করা, সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থা সৃষ্টি এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা এই মহড়ার মূল উদ্দেশ্য।
মহড়া প্রত্যক্ষ করা স্থানীয়রা বলেন, সেনাবাহিনীর এই প্রস্তুতি নির্বাচনকে ঘিরে জনমনে স্বস্তি ও আস্থা বৃদ্ধি করেছে।
এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডার ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।