মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভাড়া বেড়েছে তিনগুণ

গাজীপুর প্রতিনিধি | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৪

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণার ফলে শিল্পাঞ্চল গাজীপুরের মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৫০ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, এই সুযোগ নিয়ে পরিবহন শ্রমিকরা ভাড়া তিনগুণ পর্যন্ত বৃদ্ধি করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

যাত্রীদের অভিযোগ, যেখানে ৫০০ টাকা ভাড়া হওয়ার কথা সেখানে ১২০০–১৫০০ টাকা চাওয়া হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে কিছু সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তা মাওনা এলাকায় সড়ক অবরোধ করা হয়।

গাজীপুর রিজিয়নের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাউগাতুল আলম জানান, “নির্বাচন উপলক্ষে শিল্প-কারখানার ছুটির কারণে মহাসড়কে যানজট হয়েছে। পুলিশ সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বাস ও ট্রাক চালকেরা বলছেন, যাত্রীর চাপ অতিরিক্ত হওয়ায় ভাড়া বেড়ে গেছে। চন্দ্রা বাস টার্মিনাল, ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সর্তকভাবে তৎপর।

যাত্রীরা আশা করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে যাতে ভোটের সময় যানজট ও অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে আসে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top