চট্টগ্রামের অক্সিজেনে আবুল খায়ের গ্রুপের কারখানায় বিস্ফোরণ, আহত ১১
জোবায়ের হোসেন | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩৪
চট্টগ্রামের বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় আবুল খায়ের গ্রুপের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে কারখানার ভেতরের একটি কক্ষে এ বিস্ফোরণ ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কক্ষে তরলজাত পণ্যের জন্য ব্যবহৃত বোতল উৎপাদনের কাজ চলছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, দুপুর প্রায় ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
আবুল খায়ের গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ইমরুল কাদের ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এ বিস্ফোরণ ঘটে। আহতদের গ্রুপের নিজস্ব হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আটজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন এবং তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, এটি কোনো বয়লার বিস্ফোরণ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বয়লার বিস্ফোরণ সংক্রান্ত যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয় বলে দাবি করেন তিনি।
এদিকে ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল মান্নান জানান, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে যন্ত্রপাতি-সংক্রান্ত কোনো ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।