সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৪৩
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতা ও অসুস্থতায় ভুগছিলেন। ব্রেন স্ট্রোক করার পর কিছুদিন আগে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
চিকিৎসকরা জানান, মঙ্গলবার দুপুরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সন্ধ্যায় তিনি না ফেরার দেশে চলে যান।
তার ছোট ছেলে হাসিব মাহমুদ খান অনিন্দ্য বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন আব্দুল মান্নান খান। তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে তিনবার দপ্তর সম্পাদক এবং দুই মেয়াদে সভাপতিমণ্ডলী ও উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।
তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার সময়ে দোহার ও নবাবগঞ্জ এলাকায় শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং এলএলবি সম্পন্ন করেন। পরবর্তীতে রাশিয়ার মস্কো কসমল ইনস্টিটিউট থেকে পলিটিক্যাল ইকোনমি ও বিশ্ব রাজনীতির ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং রাশিয়া-বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে দোহার ও নবাবগঞ্জসহ দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।