বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

দিনাজপুরে একই দিনে দুই সাবেক চেয়ারম্যানের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮

সংগৃহীত

দিনাজপুরের সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের দুই সাবেক চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পৃথক স্থানে তারা মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে পুরো ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার (৬২) মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা তিনবার দায়িত্ব পালন করেন। পরে তিনি সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

ইমদাদ সরকারের ভাই এবং বিএমএ দিনাজপুর জেলা শাখার সভাপতি ডা. মো. ওয়ারেস আলী সরকার জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিনাজপুর জিলা স্কুল মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর উথরাইল ইউনিয়নের দাঁড়াইল দিঘী গ্রামে তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অন্যদিকে, একই ইউনিয়নের আরেক সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান (৬০) মঙ্গলবার বেলা ১১টায় উথরাইল ইউনিয়নের মালিগ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি এক মেয়াদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মঙ্গলবার বাদ আসর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top