বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে প্রাণ গেল সহকারী প্রিসাইডিং কর্মকর্তার

শেরপুর প্রতিনিধি | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৪

ছবি: সংগৃহীত

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় রোকনুজ্জান রুকন (৩১) নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকনুজ্জান রুকন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জান রুকনকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রবিন জানান, পারিবারিক কাজে সোমবার বাড়িতে এসেছিলেন রুকন। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে নির্বাচনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন তিনি। পথে দুর্ঘটনার শিকার হন।

শেরপুর সদর উপজেলার ইউএনও ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য বিকল্প কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top