চট্টগ্রামে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো শুরু
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:১৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে চট্টগ্রামে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ কার্যক্রম বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের সরঞ্জাম বুঝিয়ে দিয়েছেন। রাতে এসব কেন্দ্রে বুথ স্থাপনসহ সমগ্র প্রস্তুতির কাজ সম্পন্ন হবে। জেলার দূরবর্তী ও গ্রামীণ ভোটকেন্দ্রগুলোর জন্য নির্বাচনী সরঞ্জাম সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ধাপে ধাপে পাঠানো হয়েছে। মোট ১,৯৬৫টি ভোটকেন্দ্রে সরঞ্জাম বিতরণ করা হবে।
বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়াউদ্দীন জানান, ভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে, নিরাপত্তা, পরিবহন ও তদারকিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
চট্টগ্রামের ১৬টি আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮৫ হাজার ১২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৫ হাজার ৬৫ জন, নারী ভোটার ৩১ লাখ ৯৯ হাজার ৯৯১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬৯ জন। গত নির্বাচনে এই সংখ্যা ছিল ৬৫ লাখ ৭৬ হাজার ৯২৫ জন। চট্টগ্রামে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও সিটি করপোরেশনের ৩ থেকে ৭ নম্বর ওয়ার্ড) আসনে, যেখানে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ৫৪ হাজার ৭২৯ জন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।