ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশজুড়ে নারীদের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১

সংগৃহীত

দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ শাসনের পর আজকের (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে দেশের বেশিরভাগ ভোটকেন্দ্রে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। আগে ভোটকেন্দ্রে যেতে মানুষ, বিশেষ করে নারী ভোটাররা সংঘর্ষ ও নিরাপত্তা সংকল্পের কারণে দ্বিধা প্রকাশ করতেন। তবে এবারের নির্বাচনে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটদান চলছে।

বরিশালের একটি কেন্দ্রে দেখা গেছে, ভোটগ্রহণ শুরুর আগেই ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কেন্দ্রের ভেতরে নির্বাচনি কর্মকর্তারা ব্যালট বাক্স সিলগালা, কাগজপত্র যাচাইসহ সব আনুষ্ঠানিকতা শেষ করছেন। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের পর ভোটারদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। রাঙ্গামাটিতে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে উপস্থিত হয়েছেন।

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খানম রিতা পরিবারসহ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। মানিকগঞ্জ-১ ও মানিকগঞ্জ-২ আসনের বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের প্রার্থীরাও নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর উচ্চবিদ্যালয়, কবিরহাট সরকারি কলেজ, নড়াইল ও নওগাঁ-৪ (মান্দা) আসনে ভোটারদের মধ্যে নারী অংশগ্রহণ বিশেষভাবে লক্ষ্য করা গেছে। কুমিল্লার ১১টি আসনের কেন্দ্রে নারীদের উপস্থিতি উল্লেখযোগ্য ছিল।

কমনওয়েলথ অবজারভার গ্রুপ চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো বলেছেন, “শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি পুরো বাংলাদেশে এভাবে ভোট গ্রহণ হবে।”

সব মিলিয়ে বলা যায়, বহু বছর পর নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পেরেছেন নারীসহ সব শ্রেণির ভোটাররা। সংকোচ ছাড়াই ভোটাধিকার প্রয়োগে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকেই, যা এবারের নির্বাচনের উৎসবমুখর ও নিরাপদ পরিবেশের প্রতিফলন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top