ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০
খুলনা সদর আসনের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে মহিবুজ্জামান কচি নামে বিএনপি নেতা মৃত্যু বরণ করেছেন। নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবং নগরীর হাজী মহসিন রোড বাই লেন এলাকার বাসিন্দা। ঘটনা বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কেন্দ্রে সকাল থেকেই বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করেন, “আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। বাধা দেয়ার সময় অধ্যক্ষ মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন। এতে তিনি গাছের সঙ্গে ধাক্কা খান এবং মাথায় আঘাত পান, যা তার মৃত্যুর কারণ।”
অন্যদিকে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান বলেন, “নারী কর্মীদের বাইরে বের করার সময় একজন অসুস্থ হয়ে পড়েন। পরে শুনেছি তিনি মারা গেছেন। এখানে কোনো ধাক্কাধাক্কি বা মারধরের ঘটনা ঘটেনি। কেন্দ্রের সিসি ক্যামেরায় সব ধরা পড়বে।”
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম জানান, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে এবং এটি তার বিষয় নয়। পুলিশ কর্মকর্তা সদর থানা এসআই খান ফয়সাল রাফি বলেন, “উত্তেজনা সৃষ্টি হলে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিই। এখানে কোনো ধাক্কাধাক্কি বা হাতাহাতির ঘটনা হয়নি।”
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পার্থ রায় জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয় এবং তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, মহিবুজ্জামান কচি জামায়াত নেতার ধাক্কায় নিহত হয়েছেন এবং অধ্যক্ষ ও জামায়াত নেতার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
জামায়াত প্রার্থীর প্রধান এজেন্ট শেখ জাহাঙ্গীর আলম বলেন, “তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় জামায়াতকে জড়ানো দুঃখজনক। অধ্যক্ষ জামায়াতের কেউ নন।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।