ভোলায় ককটেল বিস্ফোরণ ও ব্যালট ছিনতাই
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪০
ভোলার আলীনগর ইউনিয়নে একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ভোট দিতে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ভোলার আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলীনগর স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. ওমর ফারুক জানান, সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত স্কুল গেটে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর প্রায় ৬০ থেকে ৭০ জন দুর্বৃত্ত দৌড়ে মহিলা ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই করে এবং সেগুলোতে সিল মারতে থাকে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা ব্যালট পেপার ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ৭৬টি ব্যালট বাতিল করা হয়েছে, যেগুলোতে এলোমেলোভাবে সিল দেওয়া ছিল। অধিকাংশ ব্যালটে ‘গরুর গাড়ি’ প্রতীকে সিল দেওয়া ছিল। এছাড়া ৫৬টি ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দুপুর ৩টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, সকাল থেকে সকল কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। ওই কেন্দ্রটিতে দুর্বৃত্তরা ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে। ৭৬টি ব্যালট বাতিল করা হয়েছে, যার মধ্যে কিছু ব্যালট ছিনতাই হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।