ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪২
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনের একটি কেন্দ্রে ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর সাতকানিয়ার আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই কেন্দ্রে দায়িত্ব পালনরত প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ফলাফলের তালিকায় স্বাক্ষর নেন। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।
পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহার করেন। এরপর দুপুর দেড়টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
অভিযোগের বিষয়ে প্রত্যাহার হওয়া প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম বলেন, ভোট শেষে ফলাফলের তালিকা তৈরিতে জটিলতা এড়ানোর জন্য তিনি আগেভাগে স্বাক্ষর নিয়েছিলেন। তবে কোনো খারাপ উদ্দেশ্যে এ কাজ করেননি বলে দাবি করেন তিনি।
এদিকে ওই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন বলেন, ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়া গুরুতর অনিয়ম। এ ঘটনায় কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।