ভালুকায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম
সাখাওয়াত হোসেন সুমন | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০৪
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভালুকায় এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয়নি। তার দাবি, ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর লোকজন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে তাদের নেতাকর্মীদের মারধর করছে, ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এবং হুমকি দিচ্ছে। অনেক জায়গায় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে এবং ভোট দিলে পরে ‘দেখে নেওয়া হবে’ বলেও হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি অর্থের লোভ দেখানোর অভিযোগও করেন তিনি।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মোর্শেদ আলম বলেন, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। পেশিশক্তি ও হুমকির কারণে ভোটাররা স্বাভাবিকভাবে ভোটকেন্দ্রে যেতে পারছে না।
আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশ মাঠে থাকলেও সন্ত্রাসী ও অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হচ্ছে না। অবৈধ অস্ত্রধারীরা গ্রামে গ্রামে গিয়ে হুমকি দিচ্ছে এবং তার গণসংযোগেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সব অভিযোগের মধ্যেও তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভালুকায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার সামনে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে তার সঙ্গে কারও প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা হবে না বলেও তিনি দাবি করেন এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
ছবি : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মোর্শেদ আলম।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।