চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩
চাঁপাইনবাবগঞ্জ-এ বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের ফলে ওই বাড়ির ইটের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, বিস্ফোরণে দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। আহতদের পরিচয় ও নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকেও এখনো নিহত ও আহতদের সুনির্দিষ্ট নাম-ঠিকানা জানা যায়নি। ফাটাপাড়ার কালামের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।