চট্টগ্রামের গহিরা গ্রাম থেকে নির্বাচিত তিন এমপি: রাউজান রাজনীতির তীর্থভূমি
জোবায়ের হোসেন | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৯
চট্টগ্রাম রাজনীতির তীর্থভূমি হিসেবে পরিচিত রাউজান উপজেলার বৃহত্তর গহিরা গ্রামের তিন কৃতি সন্তান ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পৃথক তিনটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ভোটারদের রায়ে বিজয়ী এই তিনজনের বাড়ি বৃহত্তর গহিরা গ্রামের এক কিলোমিটারের মধ্যেই অবস্থিত।
নির্বাচিতদের মধ্যে দুজন চাচা-ভাতিজা এবং তারা অবিভক্ত পাকিস্তানের স্পিকার ফজলুল কাদের চৌধুরী–এর রাজনৈতিক পরিবারের সদস্য।
রাউজান আসন: নির্বাচিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও তিনবারের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২০১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের ইলিয়াছ নুরী পেয়েছেন ২৬ হাজার ৬৯৬ ভোট।
রাঙ্গুনিয়া আসন: প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পাঁচবারের সাবেক এমপি সালাউদ্দিন কাদের চৌধুরী–এর ছোট ছেলে হুমাম কাদের চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৬৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৩৮ হাজার ৬৬৫ ভোট।
চট্টগ্রাম-১০ আসন: নির্বাচিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান–এর ছেলে সাঈদ আল নোমান। তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৬ হাজার ৯১৯ ভোট।
একই গ্রামের তিন সন্তানের পৃথক তিন আসনে বিজয় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গহিরা গ্রামের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের প্রভাব এবং দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি এই বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।