রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও বিএনপি সমর্থকদের

রংপুর প্রতিনিধি : | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩২

রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও বিএনপি সমর্থকদের। ছবি: সংগৃহীত

রংপুরের তিনটি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীদের সমর্থকরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া), রংপুর-৩ (সদর) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থীদের সমর্থকরা রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা এনসিপি প্রার্থী আখতার হোসেন ও জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা, সামসুজ্জামান সামু ও সাইফুল ইসলাম।

রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা অভিযোগ করে বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে এনসিপি প্রার্থী আখতার হোসেনকে জয়ী করা হয়েছে। তিনি দাবি করেন, বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে প্রশাসনের সহায়তায় ফলাফল প্রভাবিত করেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি বলেও অভিযোগ করেন তিনি। ফলাফল পুনর্গণনার জোর দাবি জানান বিএনপির এই প্রার্থী।

রংপুর-৩ আসনের বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তারা দাবি আদায়ের চেষ্টা করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এমদাদুল হক ভরসার সমর্থকরা।

বেসরকারি ফলাফলে রংপুর-৩ আসনে **জামায়াতে ইসলামী**র প্রার্থী মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৭৮ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামসুজ্জামান সামু পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট।

রংপুর-৪ আসনে **এনসিপি**র প্রার্থী আখতার হোসেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ৩৩ হাজার ৬৬৪ ভোট।

রংপুর-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল আমীন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top