চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
আটক ব্যক্তির নাম মো. ফখরুদ্দিন (৩৫)। তিনি চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বেনজিরি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতকানিয়া আর্মি ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার নাজিরের নেতৃত্বে একটি টহল দল অভিযানটি পরিচালনা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুদ্দিন নিজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অবসরপ্রাপ্ত সদস্য হিসেবে পরিচয় দেন। তবে পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তিনি ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তা সেজে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন।
তল্লাশির সময় তার কাছ থেকে বাংলাদেশ আর্মির লোগোযুক্ত স্টিকার লাগানো একটি মোটরসাইকেল, একটি আর্মি মানি ব্যাগ, একটি ভিআইপি ক্যাপ, বিভিন্ন র্যাংকের চারটি ছবি, একটি ব্লুটুথ হেডফোন, বিভিন্ন কোম্পানির কার্ড, একটি আর্মি ছুটির সনদপত্র, দুটি ‘চেতনা ও মূল্যবোধ’ বই, একটি ঘড়ি এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, অভিযুক্ত ব্যক্তি এনএসআই পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন। আটক করার পর তাকে আইনি প্রক্রিয়ার জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।