লালমনিরহাটে স্কুলছাত্রী অপহরণ: র্যাব-১৩ উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার
জুবাইর আহমেদ খান রোহান | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৭
লালমনিরহাটে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় র্যাব-১৩ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করেছে এবং প্রধান আসামি গ্রেফতার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত ছাত্রী। গ্রেফতারকৃত আসামি বিবাহিত সত্ত্বেও দীর্ঘদিন ধরে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখাচ্ছিল। পরিবারের সতর্কতার পরও আসামি ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
ঘটনা ঘটে ৩০ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায়। ভিকটিম বাড়ি ফেরার পথে আদিতমারী থানাধীন সারপুকুর সরকারি স্কুল সংলগ্ন সড়ক থেকে আসামি ও তার সহযোগীরা জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। ভিকটিমের পিতা ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৭/৩০ ধারায় আদিতমারী থানায় মামলা (নং-০২/১৯) দায়ের করেন।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭:৩০টার দিকে র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের আভিযানিক দল লালমনিরহাট সদর থানাধীন গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে অপহরণের প্রধান আসামি মোঃ বকুল মিয়া (৩৫) গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও সামাজিক অপরাধ প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।