হাতিয়ায় দরজার বাইরে তালা দিয়ে ছাত্রদল নেতার ঘরে আগুন

নোয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০৪

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গভীর রাতে একটি বসতঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহনাট্যবিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজন-এর ঘর পুড়ে গেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নলেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ইয়াসিন আলী সুজনের গ্রামের বাড়িতে তার বাবা মো. বেলাল মিয়া বসবাস করতেন। তবে ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না। গভীর রাতে একদল দুর্বৃত্ত বসতঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দরজা খুলতে গিয়ে তারা দেখতে পান বাইরে থেকে তালা দেওয়া ছিল।

পরে আগুন নেভানোর চেষ্টা করা হলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। স্থানীয়দের দাবি, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো ঘরটি মুহূর্তেই ক্ষতিগ্রস্ত হয়।

ইয়াসিন আলী সুজন অভিযোগ করে বলেন, তার বাবা ঘরে না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দেওয়া হয়েছে, যা পরিকল্পিত হামলা। তিনি আরও দাবি করেন, সম্প্রতি একটি অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার জেরে এ ঘটনা ঘটতে পারে।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর এলাকায় ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটছে। আগুন সন্ত্রাসের মাধ্যমে শান্ত পরিবেশ নষ্ট করা হচ্ছে। তিনি ঘটনার নিন্দা জানান।

হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামসুল তিব্রিজ বলেন, বিষয়টি তিনি শুনেছেন, খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top