বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

কুড়িগ্রামে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে ব্যানার ও পতাকা উত্তোলনের পর ভাঙচুর

কুড়িগ্রাম প্রতিনিধি: | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৩

কুড়িগ্রামে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে ব্যানার ও পতাকা উত্তোলনের পর ভাঙচুর। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে আওয়ামী লীগ-এর পরিত্যক্ত দলীয় কার্যালয়ে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ব্যানার টাঙানো ও জাতীয় পতাকা উত্তোলনের কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন-এর নেতা–কর্মীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জেলা ছাত্রলীগ-এর নেতা বাঁধন ও লুব্ধর নেতৃত্বে ৬–৭ জনের একটি দল আকস্মিকভাবে কার্যালয়টিতে প্রবেশ করে ব্যানার টাঙায় এবং জাতীয় পতাকা উত্তোলন করে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সভাপতি আব্দুল আজিজ নাহিদের নেতৃত্বে একদল যুবক এসে কার্যালয়টি পুনরায় ভাঙচুর করে।

এ বিষয়ে আব্দুল আজিজ নাহিদ বলেন, “কয়েক দিন আগে ঘোষণা দেওয়া হয়েছিল প্রত্যেকটি আওয়ামী লীগ কার্যালয় আবার খোলা হবে। তারই অংশ হিসেবে আজ কুড়িগ্রামের কার্যালয়ে ব্যানার ও পতাকা টাঙানো হয়। আমরা আগেও এটি ভেঙে দিয়েছি। কুড়িগ্রাম তো দূরের কথা, বাংলাদেশে কোথাও আওয়ামী লীগের কার্যালয় থাকতে দেওয়া হবে না।”

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে।

“এত বড় ঘোষণা শোনার পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা বিষয়টি এসপিকে বারবার জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি,” বলেন তিনি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে ছাত্র-জনতা। এরপর থেকেই কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top