বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

বরিশালে ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০৫

সংগৃহীত

জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি সবুজ আকনের বিরুদ্ধে স্ত্রীর বোনের কিশোরী মেয়েকে ধর্ষণের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অভিযোগে আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

জানা গেছে, প্রাথমিক তদন্তে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলাটি বিচারিক কার্যক্রমের জন্য আদালতে পাঠানো হয়েছে। আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সবুজ আকনের স্ত্রী গর্ভবতী থাকাকালীন তার সেবাযত্নের জন্য স্ত্রীর বোনের কিশোরী মেয়েকে বাসায় রাখা হয়েছিল। সেই সুযোগে সবুজ আকন কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকেন। পরে ২০২৪ সালের ২১ আগস্ট বরিশাল নগরীর এসআর রোড এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ রয়েছে। ঘটনার কথা কাউকে না বলার জন্য ভুক্তভোগী ও তার মাকে হুমকিও দেওয়া হয়।

প্রায় ছয় মাস পর, ২৬ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে ডিবি অভিযোগপত্রে উল্লেখ করেছেন যে সবুজ আকনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারার অপরাধ প্রমাণিত হয়েছে।

এর আগে, অভিযোগ ওঠার পর গত ২৫ মে সবুজ আকনকে জেলা ছাত্রদলের সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। তবে বহিষ্কারের পরও তিনি ছাত্রদলের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে স্থানীয় সূত্রের দাবি।

অভিযুক্ত সবুজ আকন বলেন, “আমার বিরুদ্ধে মামলাটি ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে। আমাকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে কিনা সে বিষয়েও আমি নিশ্চিত নই। খোঁজ নিয়ে দেখব।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top