মৌলভীবাজার–এ পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজারের শেষ সীমানা ও মৌলভীবাজারের প্রবেশমুখে শাহপুর সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ জানান, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাঁদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।