ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের টিন বিক্রি করলেন ছাত্রদল নেতা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:২৯
জামালপুর ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে একই কলেজ শাখা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, নতুন রান্নাঘর নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ছাত্রাবাসের পুরোনো রান্নাঘরের টিন খোলা হয়। অভিযোগ রয়েছে, মঙ্গলবার বিকেলে কাউকে না জানিয়ে সেগুলো বাইরে বিক্রি করে দেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির খান ও সাধারণ সম্পাদক রাব্বি।
ঘটনার প্রতিবাদ জানিয়ে শাস্তির দাবি করেছেন কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, “এ ঘটনা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। সভাপতি ও সম্পাদক ছাত্রদলের পদ ব্যবহার করে কোনো অনিয়মের সঙ্গে যুক্ত হলে তার দায় তাদেরকেই নিতে হবে।” তিনি সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবিতে উপজেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী জানান, জরাজীর্ণ রান্নাঘরটির মালামাল নেওয়ার জন্য ছাত্রদলের দুজন আবেদন করেছিলেন। এর বাইরে বিস্তারিত কিছু জানা নেই বলে তিনি উল্লেখ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাব্বির খান বলেন, কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণের পর নিলামের মাধ্যমে রান্নাঘরের মালামাল নেওয়া হয়েছে। তবে নিলামের কোনো কাগজপত্র রয়েছে কি না—এ বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।