বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সাতক্ষীরায় গরুবোঝাই আলমসাধু উল্টে গরু ব্যবসায়ী নিহত, ৪ জন আহত

সাতক্ষীরা প্রতিনিধি: | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১১

ইঞ্জিনচালিত আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।  ছবি: সংগৃহীত

সাতক্ষীরার পাটকেলঘাটায় গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম ইশার আলী (৬০), তিনি সদর উপজেলার কোমরপুর গ্রামের বাসিন্দা। এসময় চালকসহ আরও তিন গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরার বকশিয়া ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছেন। আহতদের মধ্যে সদর উপজেলার ব্যাংদহা শরাফপুর গ্রামের আমিনুর রহমান (৪৮), গোবদাড়ী গ্রামের মোতালেব আলী (৫২) ও জোড়দিয়া গ্রামের মামুন (৩৭) রয়েছেন। তাদের অবস্থা মারাত্মক।

পুলিশ জানায়, ইঞ্জিনচালিত আলমসাধুতে তিনটি গরু বোঝাই ছিল এবং ব্যবসায়ীরা সাতক্ষীরার ধুলিহর ইউনিয়ন থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গরু হাটে যাচ্ছিলেন। পথে কুমিরা বটতলা ইটভাটার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুল কবির বলেন, “দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এবং নিহতের লাশ থানায় নিয়ে এসেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top