বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সুনামগঞ্জে ছাত্রী হোস্টেলে মিলল বালতিভর্তি কনডম, সুপারসহ দুজনকে অব্যাহতি

সুনামগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১৪

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরী প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের একটি সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে বালতিভর্তি যৌন সুরক্ষাসামগ্রী (কনডম) পাওয়ার ঘটনায় শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে হোস্টেল সুপার ও ইতিহাস বিভাগের প্রধানকে ছাত্রী হোস্টেলের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনভর বিক্ষোভের পর প্রশাসনের হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর অতিরিক্ত জেলা প্রশাসক কলেজে এসে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব প্রত্যাহার করেন এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেন।

এর আগে বুধবার সকাল থেকে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ, হোস্টেল তদারকির দায়িত্বপ্রাপ্তদের অপসারণ এবং হোস্টেলে বালতিভর্তি যৌন সুরক্ষাসামগ্রী পাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে অবস্থান নেয় এবং বিকেল পর্যন্ত কর্মসূচি চলে। পরে প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল অস্থায়ীভাবে ছাত্রী হোস্টেল ভবনে অবস্থান নেয়। সে সময় হোস্টেলে কোনো ছাত্রী ছিলেন না। পরে ভবনের বাথরুম পরিষ্কার করতে গিয়ে বালতিভর্তি যৌন সুরক্ষাসামগ্রীর প্যাকেট পাওয়া যায় বলে কয়েকজন শিক্ষার্থী দাবি করেন।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রী হোস্টেলে অনৈতিক কার্যক্রমের ইঙ্গিত দিয়ে পোস্ট ছড়িয়ে পড়লে বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি মৌখিকভাবে কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও তাৎক্ষণিক দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। তারা নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top