কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণে চমেকে ভর্তি ৬, অবস্থা আশঙ্কাজনক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪৭
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কলাতলীর এন আলম এলপিজি গ্যাস পাম্পে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত ছয়জনকে দ্রুত চট্টগ্রামে স্থানান্তর করা হয়।
চমেকে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন— আবু তাহের, মো. সিরাজ, আবদুর রহিম, মো. সাকিব, মোতাহের হোসেন ও আবুল কাশেম। হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধদের শরীরের ২০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তাদের মধ্যে তিনজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বাকিরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, কক্সবাজার থেকে আনা ছয়জনই মারাত্মক দগ্ধ অবস্থায় ভর্তি রয়েছেন। কারও শরীরের ২০ শতাংশ, আবার কারও ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। সবার অবস্থাই সংকটাপন্ন।
এর আগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় ৯ জন দগ্ধ হন। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত চারজন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এ চিকিৎসাধীন রয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।