শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

মাহফিলের অতিথি নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতা পিটিয়ে হত্যা, এলাকায় থমথমে অবস্থা

রাজশাহী প্রতিনিধি: | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮

ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলায় পূর্বশত্রুতা ও ওয়াজ মাহফিলের অতিথি নির্ধারণকে কেন্দ্র করে এরশাদ আলী (৬৫) নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (রাত সাড়ে ৯টা) উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর একটি স্থানীয় মসজিদে আসন্ন ওয়াজ মাহফিল আয়োজন নিয়ে গ্রামবাসীর বৈঠক বসে। সভায় একপক্ষ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন। অপরদিকে, এরশাদ আলীসহ অন্যপক্ষ সাবেক এমপি আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করার দাবি জানান।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সভা পণ্ড হয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, রাত ৯টার দিকে তারাবিহ নামাজ শেষে বাড়ি ফিরছিলেন এরশাদ আলী। পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন তার পথরোধ করেন। অভিযোগ রয়েছে, তারা পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্তরা পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, “ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top