শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

চাঁদপুরে পদ্মা-মেঘনায় দুই মাস ইলিশসহ সব মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

চাঁদপুর প্রতিনিধি: | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫

ছবি: সংগৃহীত

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরের পদ্মা নদী-মেঘনা নদী এলাকায় দুই মাসের জন্য ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ সময় মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণের অংশ হিসেবে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় প্রায় ৪৭ হাজার নিবন্ধিত জেলে মাছ ধরা থেকে বিরত থাকবেন।

বেকার হয়ে পড়া জেলেদের মধ্যে ৩৯ হাজার ৪০০ জনকে ভিজিএফের আওতায় সহায়তা দেওয়া হবে। ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাসে তারা প্রতি মাসে ৪০ কেজি করে মোট ১২০ কেজি চাল পাবেন।

সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া মেঘনা উপকূলীয় জেলে পল্লীতে কথা হয় কয়েকজন জেলের সঙ্গে। জেলে জাহাঙ্গীর হোসেন শেখ বলেন, নিষেধাজ্ঞার সময় তারা জাল ও নৌকা ডাঙায় তুলে রাখেন। তবে যে খাদ্য সহায়তা দেওয়া হয়, তা দিয়ে সংসার চালানো কঠিন।

একই এলাকার জেলে আলী আক্কাছ মাঝি বলেন, “মাছ ধরেই আমাদের জীবিকা। খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তাও প্রয়োজন। শুধু চালে সংসার চলে না। সন্তানের পড়ালেখা ও ঋণের কিস্তি নিয়ে বিপাকে পড়তে হয়।”

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, জাটকা সংরক্ষণে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্স কাজ করবে। আইন অমান্য করে জাটকা ধরা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা নিধন বন্ধে নৌ পুলিশ সক্রিয় থাকবে। নৌ সীমানায় কেউ আইন অমান্য করলে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক ও জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. নাজমুল ইসলাম সরকার বলেন, ইলিশের স্থায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করতে প্রতিবছর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়, যার মধ্যে জাটকা সংরক্ষণ অন্যতম। জাতীয় স্বার্থে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top